প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:১৬ পিএম (ভিজিট : ৭৭)

X
প্রতীকী ছবি
বরগুনার আমতলীতে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। শুক্রবার সকালে উপজেলার পূর্ব চিলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব চিলা গ্রামের শ্যামল পাইক ও রাধিকা হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে খাস জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে উভয় পক্ষ সার্ভেয়ার এনে জমি পরিমাপ করতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহতরা হলেন-শ্যামল পাইক (৬৫), সুবাল পাইক (২৭), মধুসুদন (৪৫), রাধিকা হাওলাদার (৮০), মালতি রানী (৫০), সীমা রানী (২৫) ও পরিতোষ মিস্ত্রি (৩০)। পরে স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত রাধিকা হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামল পাইক অভিযোগ করে বলেন, তার বাড়ির সামনের জমি রাধিকা হাওলাদার নিজের দাবি করে ভোগদখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার পক্ষের আরও কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়।
অন্যদিকে পরিতোষ মিস্ত্রি বলেন, জমিটি তার শ্বশুর রাধিকা হাওলাদার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। শুক্রবার জমি পরিমাপ করতে গেলে শ্যামল পাইক ও সুবাল পাইক ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. স্বর্ণা আক্তার বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।