প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২৭ পিএম (ভিজিট : ৪৩)

X
মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মাদারীপুরে সাথী আক্তার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।
রোববার সকালে পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সাথী আক্তারের শ্বশুর গোলাম বেপারী, শাশুড়ি পেয়ারি বেগম, ননদ শিলা আক্তার, রকিব মুন্সি ও আরজু বেগমের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
এ সময় সাথীর স্বজন ও এলাকাবাসী জানান, সাধারণত সন্তানের জন্য মা-বাবার ঘরই সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু সাথী আক্তার নিজের শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে জীবন হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও এক সপ্তাহ পার হলেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে তারা অভিযোগ করেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাথী আক্তারের মা রুনা বেগম, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জাতীয় নাগরিক পার্টি মাদারীপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রুবেল হাওলাদার, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইম কাজীসহ স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অপর দিকে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাবল ডিশ ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকা-ের বিচারের দাবিতে মাদারীপুরে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।