প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম (ভিজিট : ৩৯৮)

X
যুবদলের নেতা ইউসুফ খান
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদলের নেতা ইউসুফ খান (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই এলাকা থেকে মঙ্গলবার(১৭ মার্চ)সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে বলে জানা গেছে ইউসুফ। তিনি আজগানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
ইউসুফ খানের ভাতিজা নীরব খান বলেন,তাঁর চাচা ইউসুফ খান শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইড দেখতে যান।তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।এ ঘটনায় ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
স্থানীয়রা জানান,শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের কথা কাটাকাটি হয়।মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফ হত্যার ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।
ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদি-প্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান,নিখোঁজ ইউসুফের লাশ ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।