প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম আপডেট: ২৩.০৩.২০২৬ ১১:৩১ পিএম (ভিজিট : ১৭৪)

X
সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি, অফিস ভাংচুর- মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের কমবেশি অর্ধশতাধিক জন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় পাবনা জেলা বিএনপি'র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর, লুটপাটসহ নানা অভিযোগে এনে দুই গ্রুপের পক্ষ থেকে সকালে সংবাদ সম্মেলন করা হয়। পরে দুই গ্রুপের লোকজন শহরের বিক্ষোভ মিছিল বের করলে এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে।
ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্তনে নিয়ে এসেছে পুলিশ। এ সময় উভয় পক্ষের ছোড়া ইট পাটকেলের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।