প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:২৯ পিএম (ভিজিট : ৭৫)

X
প্রতীকী ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে এলোপাতাড়ি হামলায় খোরশেদ সিকদার(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে পৌরসভার চরহোগলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাৎক্ষণিক বিএনপি থেকে বহিষ্কার করা হয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে। বৃদ্ধ খোরশেদ সিকদার নিহতের ঘটনায় তার মেয়ে নাজমা বেগম বাদী হয়ে ৫জনকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, বহিস্কৃত বিএনপির নেতা জাহাঙ্গীর হাওলাদার(৬০), তার স্ত্রী মাহামুদা বেগম(৪৫), ছেলে সেনা সদস্য নাঈম হাওলাদার(৩২), জাফর হাওলাদার(২৬) ও তুহিন হাওলাদার(২২)। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, নিহতের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি, আসামিদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
সোমবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বিকেলে জানাজা নামাজ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান নিহতের ছেলে শহীদ সিকদার।