প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:২৯ পিএম আপডেট: ৩০.০৩.২০২৬ ৩:৩৪ পিএম (ভিজিট : ২৫)

X
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে জাল নোট ও মাদকসহ ৫জনকে আটক করেছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১২। একই সঙ্গে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামে পৃথক অভিযানে ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ আরও তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সলঙ্গা থানার চড়িয়া এলাকায় র্যাব-১২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।
তিনি জানান, রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালিয়ে ৫১ হাজার টাকা জাল নোটসহ মো. রবিউল ইসলাম ও আবুল হাসানকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। এ সময় আব্দুল হাকিম পলাতক ছিলেন।
তিনি আরও জানান, সোমবার (৩০ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি বাজারে অভিযান চালানো হয়। এ সময় ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ মোস্তাফিজুর রহমান, মো. মনিরুজ্জামান (৩৯) ও মোছা. রোজিনা বেগম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা জানান, মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে বিক্রির উদ্দেশ্যে ইস্কাফ সিরাজগঞ্জে নিয়ে আসেন। অপর দুইজন নিজ বাড়িতে মজুদ রেখে তা বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।