প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম (ভিজিট : ১৯)

X
সংগৃহীত ছবি
বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। ‘মাতৃভূমি’র পর এবার নিজের পরবর্তী সিনেমা ঘোষণা দিলেন তিনি। নতুন এই অ্যাকশন ড্রামাটি পরিচালনা করবেন দক্ষিণী জনপ্রিয় পরিচালক বংশী পাইডিপল্লি এবং প্রযোজনায় থাকছেন খ্যাতিমান প্রযোজক দিল রাজু।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে সালমান লেখেন, ‘দিল, দিমাগ, জিগার সেৃ ফ্রম থিস এপ্রিল”—যার মাধ্যমে নতুন এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান, বংশী পাইডিপল্লি ও দিল রাজু। প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস’-এর ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি নাম এখনও ঠিক করা হয়নি। আপাতত এসভিসি৬৩ নামে বলা হচ্ছে এটিকে। নির্মাতাদের দাবি, সিনেমাটি হতে যাচ্ছে একটি বড় বাজেটের অ্যাকশন ড্রামা, যা দর্শকদের জন্য নিয়ে আসবে নতুন অভিজ্ঞতা। আগামী এপ্রিল থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
পরিচালক বংশী পাইডিপল্লী এর আগে ‘মুন্না’, ‘বৃন্দাবনম’, ‘ইভাডু’ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘মহার্শি’র মতো সফল সিনেমা নির্মাণ করেছেন। তামিল সুপারস্টার বিজয়ের ‘ভারিসু’ দিয়েও তিনি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিলেন। অন্যদিকে, দিল রাজু দীর্ঘদিন ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট সিনেমা প্রযোজনা করে নিজের অবস্থান শক্ত করেছেন।
এই পরিচালক-প্রযোজক জুটি এর আগেও একাধিক সফল সিনেমা উপহার দিয়েছে, তাই সালমানের সঙ্গে তাদের এই নতুন সহযোগিতা নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। এদিকে, সালমান খান বর্তমানে ব্যস্ত তার আসন্ন যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে। এই সিনেমায় তাকে দেখা যাবে একজন ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায়। সিনেমাটি এপ্রিলেই মুক্তির কথা ছিল, তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।