
জ্বালানি সংকটের এই সময়ে গোপনে তেল মজুদ করে লাভের আশায়—শেষ পর্যন্ত ধরা খেলেন ফিলিং স্টেশন ম্যানেজার! নাটকীয় অভিযানে ভালুকায় ৫২০ লিটার ডিজেল জব্দ করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত গভীর রাতে ভালুকা মডেল থানার মোড় সংলগ্ন বাগরাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এ.আর ফিলিং স্টেশনে হঠাৎ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন।
অভিযানে ফিলিং স্টেশনের পেছনে লুকিয়ে রাখা ২টি ড্রাম ও ৪টি জারকিন থেকে আনুমানিক ৫২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তেই প্রমাণ মেলে—অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এই জ্বালানি।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শুধু জব্দেই শেষ নয়—জব্দকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বিক্রি করে ৫৩ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয় এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে।
ইউএনও মোঃ ফিরোজ হোসেন কড়া বার্তা দিয়ে বলেন,“জ্বালানির এই সংকটময় সময়ে কেউ যদি অসাধু উপায়ে তেল মজুদ করে বাজার অস্থির করতে চায়—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের এমন হঠাৎ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। অসাধু ব্যবসায়ীদের জন্য এটি একটি শক্ত বার্তা—“গোপন মজুদ আর নয়!”