সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ মার্চ) নড়াইল-মাগুরা সড়কে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর এই কর্মসূচির উদ্বোধন করেন মোঃ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ তারিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, মোঃ বিল্লাল হোসেন ও মোঃ বাদশা মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আলম খান সজল, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী সামদানী, স্থানীয় ঠিকাদার মোঃ মঈন উল্লাহ দুলুসহ সওজের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে পতিত জমিতে স্ব উদ্যোগে গাছ লাগানোর আহ্বান জানান।