প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৪৭ পিএম (ভিজিট : ১৫২)

X
কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণা
নেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে এক নতুন প্রত্যয়ের সূচনা হয়েছে। “আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা পরিষদের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- নাজিরপুর এপি এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজল আলফন্স দ্রং সিনিয়র ম্যানেজার নান্দাইল এপিসি।
অনুষ্ঠানে সার্বিক কার্যক্রম ও প্রেক্ষাপট তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমন্বয়ক (পক্ষসমর্থন ও শিশু সুরক্ষা—এনবিসি ক্লাস্টার) ফেরদৗসী আলম।
জুলিয়ানা হীরা ও মবিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন লেংঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, কাজী ফজলুল হক, অভিভাবক নার্গিস আক্তার, শিশু প্রতিনিধি রেদুয়ান মিয়া, সাহসী কন্যা কোহিনূর আক্তার এবং মাঠকর্মী হৃদয় পাল। বাল্য বিবাহ শ্রম প্রতিরোধে কার্যক্রম অব্যাহত থাকবে বলে মি, কাজল দ্রং জানান।