প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম (ভিজিট : ৮৭)

X
ভাঙ্গা থানা
ফরিদপুরের ভাঙ্গায় গফসলি জমিতে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় নাহিদ ইসলাম নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে পুলিশ ৯৯৯-এ কল পেয়ে মেয়েটিকে উদ্ধার করে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ ফসলি মাঠে গণধর্ষণের শিকার হয় ওই তরুণী।
গ্রেফতার নাহিদ কালামৃর্ধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির পুত্র।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার সকাল ৮টার দিকে ৯৯৯ এ কল পেয়ে জানতে পারি- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে এক তরুণীকে আটকে রেখে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। পরে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
তিনি বলেন, ওই তরুণী আমাদের জানিয়েছেন তাকে নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম ফসলের মাঠে নিয়ে জোর করে রাতভর গণধর্ষণ করেছে। তার সঙ্গে থাকা এক জোড়া সোনার দুল ও নগদ সাড়ে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা।
ওসি বলেন, ভুক্তভোগী মেয়েটি ভাঙ্গা থানায় মামলা করেন। এরপর মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গণধর্ষণের ঘটনায় নাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।