
রায়পুর উপজেলায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার এবং জৈব সারের ব্যবহার বাড়াতে এক মাঠ দিবস অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার এবং জৈব সারের ব্যবহার বাড়াতে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের টাকুরারচর এলাকায় এ আয়োজন করা হয়।
ক্ষুদ্র কৃষি প্রকল্পের অধীনে মাঠ সভায় উপস্থিত ছিলেন ঢাকা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং-এর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জহির আহমেদ ও রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম।
মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা সরাসরি ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতি ও এর ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। এতে ভবিষ্যতে তাদের কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। রায়পুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাটির স্বাস্থ্যের উন্নয়ন এবং নিরাপদ, বিষমুক্ত খাদ্য উৎপাদনে ভার্মিকম্পোস্ট অত্যন্ত কার্যকর। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই পরিবেশবান্ধব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে এর ব্যবহার বাড়াতে কৃষি বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।