প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পিএম (ভিজিট : ৪৩)

X
চট্টগ্রাম আদালত ভবন
ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এর আদালতে মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, মামলার বাদী ও দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে সাক্ষ্য দিয়েছেন। এদিন গ্রেপ্তার থাকা ৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী শুনানির তারিখ আগামী ২১ এপ্রিল নির্ধারণ করেছেন।
এর আগে গত ১১ মার্চ এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল। এরও আগে ৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমিলা জামান, ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং United Commercial Bank Limited (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
দুদকের তথ্যমতে, ‘ভিশন ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান ভুয়া তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স গ্রহণ করে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখায় একটি হিসাব খোলে। পরবর্তীতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আমদানির নামে ১৮০ দিনের টাইম লোন নিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়।
অভিযোগে বলা হয়েছে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ব্যাংকের পরিচালনা পরিষদ ঋণ অনুমোদন করে। পরে সেই অর্থ বিভিন্ন নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর করে নগদে উত্তোলন করা হয় এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, এসব অর্থ বিদেশে সম্পত্তি ক্রয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে সমন্বয় করা হয়েছে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এই আত্মসাতের ঘটনা ঘটে।
এ মামলায় ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। এছাড়া তদন্ত চলাকালে নতুন করে আরও কয়েকজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, আসামিরা দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ ও মানিলন্ডারিং আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।