প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:২২ এএম (ভিজিট : ১০৩)

X
বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় বাড়ি ফেরার পথে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার বানিয়াপাড়ায় এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবকের নাম মো. রবিন (২৬)। তিনি শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবরস্থানের সরকারি গাছের আতা ফল পাড়া নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে রবিনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরে বিষয়টি মীমাংসার কথা বলে কৌশলে তাকে ঘটনাস্থলে ডেকে নেয় দুর্বৃত্তরা। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি হকিস্টিক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, কবরস্থানের আতা ফল পাড়া নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১২ ঘণ্টার ব্যবধানে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও দুই নারীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।