আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননা কাঙালিনী সুফিয়া

বিনোদন রিপোর্ট

বিনোদন

বাংলা গানের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন তুলে ধরতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর। ৭ এপ্রিল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট ‘মমো ইন’-এর উন্মুক্ত মাঠে বসছে এ আয়োজনের মূল মঞ্চ।

2026-04-06T16:01:11+00:00
2026-04-06T16:01:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননা কাঙালিনী সুফিয়া
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ১৭৯)
কনকচাঁপা ও কাঙালিনী সুফিয়া
X

কনকচাঁপা ও কাঙালিনী সুফিয়া

বাংলা গানের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন তুলে ধরতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর।  ৭ এপ্রিল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট ‘মমো ইন’-এর উন্মুক্ত মাঠে বসছে এ আয়োজনের মূল মঞ্চ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে এই সংগীত উৎসব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে কণ্ঠশিল্পী কনকচাঁপাকে। অন্যদিকে লোকসংগীতে দীর্ঘদিনের নিবেদিত সাধনার জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। পল্লীগীতি ও মরমি গানে তার অসাধারণ অবদান বাংলার লোকসংগীতকে নতুন মাত্রা দিয়েছে। এই স্বীকৃতি বাংলা সংগীতাঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আজীবন সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে কনকচাঁপা জানান, এ স্বীকৃতির বিষয়ে তার অনুভূতি মিশ্র। ১৯৮৪ সালে শুরু হওয়া তার পেশাদার সংগীতজীবনের দীর্ঘ পথচলায় এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও তিনি মনে করেন, তার সংগীতযাত্রা এখনো শেষ হয়নি। ভবিষ্যতে আরো ভালো গান উপহার দেয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘লোকগান আমার ধ্যান-জ্ঞান। এই স্বীকৃতি বাংলার প্রান্তিক শিল্পীদেরও অনুপ্রাণিত করবে।’

শুধু সম্মাননাই নয়, এবারের আসরে মোট ১৮টি ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হবে। আধুনিক, লোক, চলচ্চিত্র ও ব্যান্ডসহ বিভিন্ন ধারার সংগীতশিল্পীদের কাজের মূল্যায়ন করা হবে এই মঞ্চে। সেরা গায়ক, গায়িকা, সেরা গান, সেরা অ্যালবাম, সেরা ব্যান্ড, সেরা চলচ্চিত্রের গান, সেরা সংগীত পরিচালক, সেরা গীতিকারসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে মনোনয়ন জমা পড়েছে বিপুলসংখ্যক। 

প্রতিটি ক্যাটেগরিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ীরা পাবেন সম্মাননা। অনুষ্ঠানের প্রযোজনা ও ব্যবস্থাপনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই। এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘এ পুরস্কার সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়, যেখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি যেমন নবীন শিল্পীদের অনুপ্রাণিত করে, তেমনি প্রবীণ শিল্পীদের কাজের প্রতি নতুন উদ্দীপনা জোগায়।

বর্ণিল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, প্রখ্যাত গায়ক মোহাম্মদ খুরশীদ আলম, রফিকুল আলম, কণ্ঠশিল্পী কোনাল, ইমরান, লিজা, লুইপাসহ আরও অনেকে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি উপলক্ষে বগুড়া ও আশপাশের জেলা থেকে হাজারো দর্শক উপস্থিত হওয়ার কথা। শিল্প-সংস্কৃতিপ্রেমীদের জন্য এটি হবে এক অনন্য সাংস্কৃতিক উৎসব। চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে পুরস্কার বিতরণী ও সংগীতানুষ্ঠান।

উল্লেখ্য, ১৯৭০-এর দশকের শেষভাগ থেকে সংগীতজগতে পথচলা শুরু করে কনকচাঁপা চলচ্চিত্র ও আধুনিক গানে ব্যাপক সাফল্য অর্জন করেন। সিনেমায় চার হাজারেরও বেশি গানে কণ্ঠ দেন তিনি। এছাড়া একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। ‘লাভ স্টোরি’ সিনেমায় গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর ‘প্রেমের তাজমহল’ ও ‘এক টাকার বউ’ সিনেমায় গান গেয়েও একই সম্মাননায় ভূষিত হন তিনি।
অন্যদিকে বাংলা গানের জগতে ‘বুড়ি হইলাম তোর কারণে’র মতো জনপ্রিয় গানের পাশাপাশি অসংখ্য গান উপহার দিয়েছেন কাঙালিনী সুফিয়া।





  বিষয়:   কনকচাঁপা  কাঙালিনী সুফিয়া  সম্মাননা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy