
X
সংগৃহীত ছবি
পহেলা বৈশাখ মানেই বাঙালির হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের নতুন এক উদযাপন। আর এবারের উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত দেশের সংগীতাঙ্গন। নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে জমকালো কনসার্ট। এবারের বৈশাখী আয়োজনে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। পহেলা বৈশাখের দিন বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসতে যাচ্ছে গানের এক জাদুকরী আসর।
কোক স্টুডিও বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, ঢাক-ঢোলের তালে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে অংশ নিতে। কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।
জানা গেছে, এই কনসার্ট উপভোগ করতে হলে টিকিটের মাধ্যমে ভেন্যুতে এন্ট্রি নেওয়া হবে। বিষয়টি নিয়ে ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি ক্যাটেগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যার মূল্য ২০০ থেকে ৮৫০ টাকার মধ্যে। তবে ভেন্যুতে কনসার্ট উপভোগ করতে হলে দুই ক্যাটেগরির টিকিট নিতে হবে; যার দাম একটির দাম ৮০০, অন্য একটির দাম ৮৫০।
এদিকে পহেলা বৈশাখকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান। চিরকুট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড, যারা রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজেদের আলাদা স্টাইল তৈরি করেছে। দেশ-বিদেশের বহু মঞ্চে পারফর্ম করে তারা বাংলা ব্যান্ড সংগীতকে নতুনভাবে পরিচিত করেছে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে।
পহেলা বৈশাখের দিন ব্যান্ডটি পারফর্ম করবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিকেল ৩টায়, আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট এর আমন্ত্রণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সকাল ১১টায়। এর পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।
চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমীর ভাষ্যে, ব্যান্ডটি সবসময় তরুণদের ভালোবাসায় এগিয়েছে। তিনি বলেন, ‘তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে।’
তিনি আরও বলেন, বৈশাখ উপলক্ষে তারা ‘দামী, যাদুর শহর’, ‘মরে যাব’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এবং শ্রোতাদের সঙ্গে একসাথে উৎসব ভাগ করে নেবেন। চিরকুটের এই বৈশাখী পারফর্মেন্সকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বৈশাখী উৎসবের আমেজ তৈরি হয়েছে।