প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পিএম (ভিজিট : ৬৫)

X
ফাইল ছবি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে স্থানীয় একটি মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া ওই গ্রামের মৃত নিরঞ্জন মিয়ার ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো ইব্রাহিম তার চাচাতো ভাই সৌরভের সঙ্গে ফুটবল খেলতে মাঠে যান। খেলার এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত অন্য খেলোয়াড়রা প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে সৌরভ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ইব্রাহিমের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত সৌরভ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানা পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।