
X
সাই পল্লবী
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সহজাত অভিনয় আর স্নিগ্ধ উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তবে এবার প্রশংসার বদলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই কারণেই তার হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ও সোশ্যাল মিডিয়া ট্রলিং।
সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এর প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনেইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবির প্রচার উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামক এক সংগীত সন্ধ্যায় উপস্থিত পাপারাজ্জি ও অতিথিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন অভিনেত্রী।
কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। হিন্দিতে কথা বলতে গিয়ে রীতিমতো হিমশিম খান সাই। এক পর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন, ‘আমার হিন্দি খুব একটা ভালো নয়।’ অভিনেত্রীর এই সহজ স্বীকারোক্তিকে সহজভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।
রামায়ণের মতো মহাকাব্যিক সিনেমায় সীতার মতো আইকনিক চরিত্রের জন্য কেন তাকে বাছাই করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘সাই পল্লবীকে দেখুন, যিনি সাধারণ হিন্দি শব্দগুলোও বলতে পারছেন না। আর তিনি কি না রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করছেন।’
আরেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘নীতেশ তিওয়ারি সীতা মায়ের চরিত্রের জন্য সাই পল্লবীকে কাস্ট করার সময় কী ভাবছিলেন? হিন্দিই ঠিক করে বলতে পারে না। কাস্টিং অত্যন্ত হতাশাজনক।’ কেউ কেউ আবার সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, সিনেমার মূল হিন্দি সংস্করণে কি তার কণ্ঠ ডাব করা হবে?
তবে বিতর্কের মাঝে সাই পল্লবীর ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ভক্তরা। অনেকের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত বাধা কোনো নতুন বিষয় নয়। একজন মন্তব্য করেছেন, ‘ক্যাটরিনা কাইফ বা জ্যাকুলিনের ক্ষেত্রেও তো এমনটা আগে দেখা গেছে। তারা পারলে সাই কেন নয়?’
নিজের স্বচ্ছ অবস্থানের মতোই সাই পল্লবী স্বচ্ছতার ভিত্তিতে বেছে বেছে খুবই কম ছবিতে অভিনয় করেন। কাহিনীর গভীরতা ও বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে অভিনয়ের শতভাগ সততা প্রদর্শনের কারণে তিনি অনেক পরিচালক-প্রযোজকের কোটি কোটি টাকার ছবি অবলীলায় ফিরিয়ে দেন।
বলিউড তথা ভারতীয় ছবির অবক্ষয় ও বিকৃতির বিরুদ্ধে হিম্মতের সাথে দাঁড়ানো অন্যতম শিল্পী সাই পল্লবী তিরিশ বছর ছোঁয়ার আগেই স্পর্শ করেছেন নিজের সম্মানীত অবস্থান। তার অভিনয় কৃতিত্ব, দৃষ্টিভঙ্গির শুদ্ধতা ও নান্দনিক পরিচ্ছন্নতার কারণে তাকে স্থান দেওয়া হয় অনন্য অভিনেত্রী শাবানা আজমি, স্মিতা পাতিল, কিরণ খেরের পাশে।