
সাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ, ধ্বংস করল প্রশাসন
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আম আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেট ভর্তি প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ক আমে বিষাক্ত কার্বাইড ও কেমিক্যাল মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাতের প্রস্তুতি নিচ্ছিল।
জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত আমগুলো সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত জানান,“সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভেজালবিরোধী অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”