প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : ৬৯)

X
পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় শেষ হয়েছে সপ্তাহব্যাপী ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সমাপনী ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত ২৩ এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
মেডিকেল অফিসার ডাঃ অর্ণব ঘোষ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা,পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন, "শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। শরীরকে সচল রাখার মূল প্রক্রিয়াই হলো পুষ্টি, যা আমরা খাদ্য থেকে পাই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীরের ক্ষয়পূরণে প্রতিদিন পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করা জরুরি।" তিনি আরও জানান, সপ্তাহব্যাপী নানামুখী কর্মসূচির ফলে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুষ্টি বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।