প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৩৮ পিএম (ভিজিট : ৮৩)

X
‘নগদ’ কার্যালয়ে অস্ত্রের মুখে ডাকাতি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নগদের একটি ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন নগদের পরিবেশক।
শনিবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত জালাল টাওয়ারে নগদের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে আট থেকে ১০ জনের একটি সশস্ত্র দল সর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে আহত করে। দুর্বৃত্তরা ড্রয়ারে থাকা নগদ সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুটে নেয়।
ঘটনার পর পরই সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ডিস্ট্রিবিউটর আল আমিন বাদি হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আট থেকে ১০ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহিববুল্লাহ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, নগদ ডিস্ট্রিবিউশন হাউজের ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শীঘ্রই অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।