প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:০৪ এএম (ভিজিট : ১০৯)

X
রায়পুরে হত্যা মামলার আসামির সঙ্গে থানায় পোষা বানর, মানুষের কৌতূহল
রায়পুর উপজেলায় কিশোর অটোরিকশাচালক মো. রাজিবকে (১৪) হত্যার মামলায় প্রধান আসামি গিয়াস উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে তার সঙ্গে থাকা একটি পোষা বানরকেও থানায় নিয়ে আসে পুলিশ। বানর ৪ থেকে ৫ বছর ধরে লালনপালনে করে গিয়াস। সব সময় তার সঙ্গী হয়ে থাকেন এই বানরটি।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন রায়পুরের চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা।
হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গত শুক্রবার রাতে অটোরিকশাচালক রাজিবকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার রাতে নিহত রাজিবের বাবা মো. মোস্তফা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘গিয়াস উদ্দিনের একটি পোষা বানর ছিল। “রাজ” নামের ওই বানরকে নিয়েই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তাকে সেই পোষা বানরটিসহ গ্রেপ্তার করা হয়েছে। বানরটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’
এদিকে রাতে বানরটিকে থানায় আনার পর সেটি দেখতে কৌতূহলী মানুষ ভিড় জমায়। থানার ভেতরে ছোটাছুটি করতে থাকে বানরটি। পুলিশ সদস্যদেরও বানরটিকে সামলাতে হিমশিম খেতে দেখা যায়।