পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মনির হোসেনকে (২৪) আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
নিহত আরজিনা তেতুলিয়া উপজেলার রণচণ্ডী গ্রামের কৃষক জালাল উদ্দীনের ছোট মেয়ে। আটককৃত মনির হোসেন একই উপজেলার শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে আরজিনা ও মনিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনার এক পর্যায়ে পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার (৩ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার সময় নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রী আরজিনাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করেন।
আরজিনার অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে , পরে আরো বেশি শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে (ঠাকুরগাঁও এলাকায়) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত আরজিনার পিতা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে আটক করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত স্বামী মনির হোসেনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।