প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৪০ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ৭:০৯ পিএম (ভিজিট : ৯৩)

X
ব্রিজের গাইড ওয়াল ধস
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়কের গাইড় ওয়ালের অংশ উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই ধসে পড়েছে। এতে গাইড ওয়াল নির্মাণ কতটা সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেওয়াসহ আতঙ্কে রয়েছেন যানবাহন চালক ও এলকাবাসী।
মঙ্গলবার (৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজের দুই পাশের সংযোগ সড়কের একটি অংশ ভেঙে নিচে ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এত অল্প সময়ের মধ্যে ব্রীজের গাইড ওয়াল ধসে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার অতিরিক্ত বৃষ্টির কারনে পানি গাইড ওয়ালের ভিতরে প্রবেশ করায় ভিতরের মাটি সরে গিয়েছে এতে রাতের কোনো গাইড ওয়ালের আংশিক ধসে পড়ে।
কালিয়াকৈর উপজেলার সফিপুর–বড়ইবাড়ীআঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় ৫৫ মিটার দৈঘের্যর ব্রিজটির নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করে মাত্র ১ মাস আগে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসকে বুঝিয়ে দেয়।
প্রকল্পটির কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল গত ১৫ ডিসেম্বর। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে ব্রীজসহ গাই্ড ওয়ালের নির্মান কাজ সম্পন্ন করে প্রায় এক মাস আগে সেতুটি উদ্বোধন করা হয়। এলাকাবাসী জানান উদ্বোধনের এক মাসের মধ্যেই ব্রিজের গাইড ওয়াল ধসে পড়ায় প্রমাণিত হয়েছে যে কাজের মান ছিল খুবই নিম্মমানের।
স্থানীয় বাসিন্দারা নির্মাণে অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুলকাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কালিয়াকৈর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে। তবে কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে দ্রুত ধসে পড়া অংশ পুনরায় সংস্কার করা হবে।