‘রকস্টার’ টিজারে ভিন্ন এক শাকিব

বিনোদন রিপোর্ট

বিনোদন

গত কয়েক বছরের ধারাবাহিকতা ঘাঁটলে দেখা যায়, শাকিব খান মানেই নতুনত্ব, ধামাকা। এবারও যেন তার ব্যত্যয় ঘটল না।

2026-05-07T11:45:23+00:00
2026-05-07T11:45:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘রকস্টার’ টিজারে ভিন্ন এক শাকিব
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ৭৪)
শাকিব খান
X

শাকিব খান

গত কয়েক বছরের ধারাবাহিকতা ঘাঁটলে দেখা যায়, শাকিব খান মানেই নতুনত্ব, ধামাকা। এবারও যেন তার ব্যত্যয় ঘটল না। ‘রকস্টার’ টিজারে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল ঢালিউড কিং খানের। ৮০ সেকেন্ডের টিজারে রীতিমতো কাঁপছে নেটদুনিয়া। টিজারটির শুরুতেই দর্শকদের জন্য রয়েছে একটি বিশেষ বার্তা- হেডফোন ব্যবহার করুন বা না করুন, মিউজিকের সেই টানটান উত্তেজনা আপনি অনুভব করবেনই! টিজারের সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং দর্শকদের এক ভিন্ন জগতে নিয়ে যায়। এর বিশাল ক্যানভাস এককথায় দর্শককে দেশীয় সিনেমায় ভালো কিছুর আশা জোগাচ্ছে।

টিজারটি বানানো হয়েছে শাকিব খানকে কেন্দ্র করে। ‘গ্লোবাল সুপারস্টার’ তকমা নিয়ে তার রাজকীয় উপস্থিতি ভক্তদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে। কখনো তাকে দেখা গেছে হাতে গিটার নিয়ে মঞ্চ কাঁপানো রকস্টার হিসেবে, আবার কখনো তিনি ধরা দিয়েছেন রোমান্টিক বা বিধ্বংসী লুকে। 

সিনেমার নাম যেহেতু ‘রকস্টার’, তাই এর মূল আকর্ষণ হিসেবে কাজ করেছে মিউজিক। টিজারে ব্যবহৃত ‘আমারে উড়িয়ে দাও’ বা ‘আমারে পুড়িয়ে দাও’-এর মতো গানের পঙ্ক্তিগুলো এবং রক মিউজিকের সঙ্গে বাংলা কথার মিশেল দর্শকদের দারুণভাবে টেনেছে। বিশেষ করে টিজারের একটি সংলাপ নজর কেড়েছে যেখানে বলা হয়, সংগীত কেবল বাদ্যযন্ত্রের সুর নয়, কখনো কখনো এটি জীবনের চেয়েও বড় কিছু।

তবে সিনেমাটি শুধু গানেই সীমাবদ্ধ নয়, বরং টিজারে ‘আগুন’কে খোঁজা এবং মারমার-কাটকাট অ্যাকশন দৃশ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রতিশোধ বা গভীর লড়াইয়ের গল্প। শাকিব ভক্তদের জন্য এটি বছরের অন্যতম বড় বিনোদন ধামাকা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

আজমান রুশোর গল্প ও পরিচালনায় চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর এবং মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। যদিও টিজারে তাদের দেখা মেলেনি। তবে সব মিলিয়ে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ‘রকস্টার’ যে বড় ধরনের কোনো ধামাকা দেখাতে যাচ্ছে, তার স্পষ্ট আভাস পাওয়া গেছে এই টিজারেই।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। নুসরাত মাটির চিত্রনাট্যে সিনেমাটির সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার কুন্ডু। এখানেই শেষ নয়, সামনে আসবে সিনেমাটির দ্বিতীয় টিজার। তার মানে ভক্তদের ফের চমক দেখাতে প্রস্তুত শাকিব খান ও ‘রকস্টার’ টিম।

উল্লেখ্য, এর আগে  ‘রকস্টার’-এর অফিসিয়াল এনিমেটেড টিজার প্রকাশ পেয়েছিলো। ২ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে ভক্তদের চমকে দেন শাকিব নিজেই। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল। মাত্র ৫৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পায়। 

প্রকাশিত টিজারটি শুরু হয় এক অপার্থিব ও রূপক আবহে। একটি সাদা পাখি নীল আকাশে ডানা মেলে উড়ছে, যা যেন এক মুক্ত প্রাণের প্রতিচ্ছবি। তবে মুহূর্তেই ছন্দপতন; প্রচণ্ড বজ্রাঘাতে পাখিটি আহত হয়ে আছড়ে পড়ে মাটিতে। পাখিটির পতনের সাথে সাথেই সিনেমার গল্প মোড় নেয় ফ্ল্যাশব্যাকে। পর্দায় ভেসে ওঠে এক ছোট্ট বালকের শৈশবের স্মৃতি আর তার চোখে বোনা এক বিশাল স্বপ্নের বুনন, বড় হয়ে সে হবে একজন কিংবদন্তি রকস্টার। 

এরপর টিজারের পরবর্তী অংশগুলোতে শাকিব খানকে দেখা যায়, জনবহুল কনসার্টে হাজারো ভক্তের চিৎকারের মাঝে গিটার হাতে দাঁড়িয়ে আছেন শাকিব। মুখে সিগারেট আর চোখে রোদচশমা। এদিকে সবশেষে এনিমেটেড দৃশ্যপটে একটি গাড়ির উপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় মেগাস্টারকে, যা তার চরিত্রের ড্যাশিং ও বোহেমিয়ান ইমেজকে ফুটিয়ে তুলেছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy