প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৫৮ এএম (ভিজিট : ৫৩)

X
গাংনীতে স্ব উদ্যোগে রাস্তা মেরামত
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর শিমুলতলা থেকে বিলপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন রাইপুর বাজারের ‘আকলিমা ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী আল আমিন হোসেন। তার এই ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় স্কুল শিক্ষক মইনুল হোসেন জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। জনপ্রতিনিধিদের উদাসীনতায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হতো। আল আমিনের এই সংস্কার কাজের ফলে এখন মানুষ সহজেই বাজারে যাতায়াত করতে পারছেন।
কৃষক রবজেল হোসেন বলেন, "রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় মাঠের ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছিল। কোনো যানবাহন এই পথে আসতে চাইত না। এখন রাস্তাটি মেরামত হওয়ায় আমাদের কৃষি পণ্য পরিবহনে সুবিধা হবে।"
উদ্যোক্তা আল আমিন হোসেন জানান, সাধারণ মানুষের কষ্ট দেখে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই মেরামত কাজ করা হয়েছে এবং ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের কাজ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।