প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৪৬ পিএম (ভিজিট : ১৩৪)

X
তিন মাস বয়সী এক অসুস্থ শিশু
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক অসুস্থ শিশুকে ফেলে রেখে তার মা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বর্তমানে পরিচয়হীন শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ হাসপাতালে গিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়কে শিশুটির দেখভালের দায়িত্ব দেন।
শনিবার (৯ মে) সকালে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার এক নারী অসুস্থ শিশুটিকে হাসপাতালের মেঝেতে অন্য এক রোগীর পাশে শুইয়ে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর শিশুটির পাশে কোনো স্বজনকে না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে হাসপাতালজুড়ে ওই নারীকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমরা শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, শিশুটির খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। তার চিকিৎসা চলছে। সমাজসেবা কর্মকর্তাকে শিশুটির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির পরিবারের সন্ধানেও কাজ চলছে।