প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:১১ পিএম (ভিজিট : ৫২)

X
থালাপতি বিজয়
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পেয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় থালাপতির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হচ্ছে না বলে জানিয়েছে রাজ্যপালের দপ্তর। তৃতীয়বারের মতো লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানালেও রাজ্যপাল তাতে সায় দেননি।
এর আগে, গত বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে দেখা করেন বিজয়।রাজ্যপাল জানিয়েছেন, অন্তত ১১৮ জন নবনির্বাচিত এমএলএ’র (বিধানসভা সদস্য) সমর্থনের চিঠি জমা দিলেই কেবল বিজয়কে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হবে।
এদিকে, তামিলনাড়ু বিধানসভায় ২৩৪ আসনে সরকার গড়তে প্রয়োজন ১১৮ জন এমএলএ’র সমর্থন। তবে বর্তমানে বিজয়ের জোটে আছে ১১৬ জন। এর মধ্যে বিজয়ের নিজের দলের ১০৭ জন (বিজয় দুটি আসনে জেতায় মোট ১০৮ আসনের মধ্যে বর্তমানে এমএলএ ১০৭), কংগ্রেসের ৫ জন এবং বাম দলগুলোর ৪ জন রয়েছেন।
পরবর্তী পদক্ষেপ হলো, বিজয়কে বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। কংগ্রেস ছাড়া আর কারা নির্দলীয় প্রার্থীসহ বিজয় শিবিরের অংশ হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই।
বিজয়ের জোটে বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস দুটি মন্ত্রণালয় দাবি করেছে বলে গুঞ্জন রয়েছে।
ডিএমকে ও এআইএডিএমকে’র ৬২ বছরের আধিপত্য ভেঙে বিজয় একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও প্রয়োজনীয় দুই এমএলএ’র অভাবে তার শপথ গ্রহণ এখন অনিশ্চয়তার মুখে।