প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৫৭ পিএম (ভিজিট : ৪৫)

X
জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান বছরজুড়েই নানা কারণে চর্চায় থাকেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে বসবাস করলেও তিনি বিভিন্ন রাজ্যে বাঙালি কমিউনিটির নানা আয়োজনে অংশ নিচ্ছেন। এবার এমন একটি আয়োজনে পারফর্ম করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন দেশীয় চলচ্চিত্রের এই অভিনেতা।
তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কয়েকি জায়গায় পুড়ে গেছে। চিকিৎসা শেষে এখন বিশ্রামে আছেন এই অভিনেতা। তার ভাষ্য, আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খান মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশ করতে যান। মোটরসাইকেলে সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স (একটি পাত্রে আগুন থাকে) ছিল, সেখান থেকেই আগুন ছিটকে জায়েদ খানের শরীরে পড়ে। দ্রুত নিভিয়ে সে অবস্থাতেই পারফর্ম করেন তিনি। অনুষ্ঠান শেষে জায়েদ খানকে চিকিৎসা দেওয়া হয়।
জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি। ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।’