প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:২৯ পিএম (ভিজিট : ৮৪)

X
ফেসবুকে মাদ্রাসা শিক্ষা নিয়ে মন্তব্য
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোঃ তৈয়বুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদ্রাসা শিক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এলাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার ওই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদী জনতা ক্ষোভ প্রকাশ করে এবং গত বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে।
এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মোঃ তৈয়বুর রহমান তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
সভায় সভাপতিত্ব করেন সাবেক পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদ। এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়, বিশিষ্ট বিচারক মাসুক মিয়া, উপজেলা বিএনপি নেতা ইলিয়াস মিয়া, জিলানী মিয়া, আবুল লেইছ, নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
তারা বলেন, কোনো ধরনের বিভ্রান্তিকর বা উসকানিমূলক বক্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।