প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৬ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৫:৩৩ পিএম (ভিজিট : ১০০)

X
দুর্গাপুরে খাল কনন পরিদর্শনে ডেপুটি স্পীকার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধুপাড়া বার্নাট কুবি’র বাড়ির নিকটবর্তী পাহাড়ি ছড়া হতে সিএমবি ব্রীজ হয়ে খুজিপাড়া এবং নেথপাড়া পঁচা খালের ব্রিজ হয়ে চিনাকুড়ি বিল পর্যন্ত বিস্তৃত তিন হাজার ছয়শো মিটার খাল খনন কাজের পরিদর্শন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৫ মে) বিকেলে সর্বস্তরের মানুষকে নিয়ে খাল খনন কাজ পরিদর্শন করেন তিনি। ২০২৫-২০২৬ অর্থ বছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যায়ে এই খনন কাজ করা হচ্ছে।
এসময় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে তাদের জীবন মান উন্নয়ন নিয়ে কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেন, এ অঞ্চলের আদিবাসী ভাইয়েরা অত্যন্ত শান্তিকামী ও সৎ। মানব সভ্যতার ইতিহাসে এ অঞ্চলে তাদের পদচারণাই প্রথম। অথচ তারা দীর্ঘকাল ধরে রাষ্ট্রীয় অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
ডেপুটি স্পীকার কায়সার কামাল বলেন, “আমি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সপ্তাহেই এ অঞ্চলের প্রধান সমস্যা, সুপেয় পানির সংকট নিরসনে কাজ শুরু করেছি। ৫২০ ফুট গভীরতার ৪০টি সাবমার্সিবল টিউবওয়েল বরাদ্দ করা হয়েছে। যদিও চাহিদার তুলনায় এটি কম, তবে আমরা পর্যায়ক্রমে প্রতিটি পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করব। আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দুর্গাপুরে ১০টি এবং কলমাকান্দায় ৯টি নতুন ঘর দেয়া হবে। আদিবাসী নারীদের স্বাবলম্বী করতে ৩৯টি উন্নত মানের সেলাই মেশিন বিতরণ করা হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে যাতায়াত সহজ করতে ৪৮টি বাইসাইকেল দেওয়া হবে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন, অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।