
X
ছবি: প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, "জনগণের নির্বাচিত সরকারকে যারা কথায় কথায় পতনের কথা বলে, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজনীতির নামে এ ধরনের আচরণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী।"
তিনি বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় সমাবেশ, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রবল বর্ষণের কারণে উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এমরান সালেহ প্রিন্স।
সমাবেশে প্রিন্স বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার চেষ্টা করছে, তখন বিরোধী দলের কতিপয় নেতা মিথ্যাচার, অপপ্রচার এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্রের সুযোগ পাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রিন্স বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে শালীনতা ও রাজনৈতিক সংস্কৃতি বিসর্জন দিয়ে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও মিথ্যাচারের আশ্রয় নেওয়া দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ।
তিনি অভিযোগ করে বলেন, হালুয়াঘাটে এনসিপির এক সমাবেশে দলের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির নেতাদের সম্পর্কে যে অশালীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী। তিনি ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। জনগণ তথ্যভিত্তিক, ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, চেয়ারম্যান শফিকুর রহমান, মিজানুর রহমান, পৌর বিএনপির সুলতান মহিউদ্দিন, মনিরুজ্জামান স্বাধীন, জুলাই শহীদ বিজয় ফরাজীর পিতা সায়েদুল ফরাজী, জুলাই যোদ্ধা সৌরভ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদির।