প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:২৩ পিএম আপডেট: ১৭.০৫.২০২৬ ৩:৩২ পিএম (ভিজিট : ৪৩)

X
ফাইল ছবি
ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচদিন ধরে পানি না থাকায় হাসপাতাল কোয়ার্টারে বসবাস করা চিকিৎসক-নার্সসহ রোগীরা ভোগান্তিতে পড়েছে।
রোববার সকাল পর্যন্ত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে হামের রোগীসহ ৮১ জন রোগী ভর্তি আছে। রোগী ও স্বজনরা জানান, শৌচাগারে পানি না থাকায় হাসপাতাল থেকে দূরের খালের পানি এনে শৌচাগারে ব্যবহার করতে হচ্ছে।
এ ছাড়া হাসপাতাল কোয়ার্টারে বসবাস করা চিকিৎসক-নার্সসহ ৯টি পরিবার তীব্র পানি সংকটে পড়েছে। চার-পাচঁ দিন ধরে গোসল, শৌচাগার ব্যবহার ও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে না।
এতে রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার সময় স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি অকেজো হয়ে পড়েছে। কয়েক দফা মেরামত করা হলেও তাতে স্থায়ী সমাধান হয়নি।
অন্যদিকে ঝালকাঠি জেলার ভূ-গর্ভস্থ পানির স্তরও নিচে নেমে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল জানান, দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। বর্তমানে পরীক্ষা করে দেখা গেছে, মাটির নিচে পানির স্তর পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, টিউবওয়েলের পাইপ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এতে যদি পানির সমাধান না হয়, তবে বিকল্প হিসেবে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।