প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৪৮ এএম (ভিজিট : ৪৬)

X
ঝড়ে লন্ড ভন্ড আড়াইহাজার
নারায়ণগঞ্জের আড়াইহাজরে মাত্র কয়েক মিনিটের প্রচন্ড ঝড়ে পাকা বাড়ীসহ স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে মুরগীর খামার এবং বিদ্যুৎ খাত। বিভিন্ন স্থানে ৮ টি বিদ্যুৎ খূঁটি ভেঙ্গে পড়ে ও তার ছিড়ে পড়ে যাওয়ায় সকাল থেকে সম্পূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সোমবার ((১৮ মে) ভোর ৬ টার দিকে কালবৈশাখীর ঝড়ের প্রচন্ড ছোবলে এ অবস্থা হয়েছে আড়াইহাজার সদর সহ ফতেপুর এবং বিভিণ্ন এলাকায়।
পৌর সদরের মডেলপাড়ায় আলী আহাম্মদের পুরাতন পাকা ভবনের ছাদের উপরে বড় একটি কড়ই গাছ উপড়ে পড়লে ওই ভবনের ছাদ ধ্বসে পড়ে গেছে। গৃহকর্তা আলী আহাম্মদ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তিনি মারাত্মক আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। প্রচন্ড ঝড়ে পৌরসদরে অবস্থিত একটি স্কুল ভবনের সব উড়িয়ে নিয়ে গেছে। তা ছাড়া একটি মুরগীর খামার ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
আড়াইহাজার, ফতেপুর এলাকায় ৮ টি বিদ্যুৎ খূঁটি পড়ে গিয়ে ক্যাবল ছিড়ে পড়ে বিদ্যুৎ খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এ টি এম মেজবাহউদ্দিন জানান।
এদিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় ঝড় বৃষ্টির সময় জমিতে ধান কাটতে গিয়ে আক্রম আলীর পুত্র আ. সামাদ (৪০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। বজ্রপাতে আক্রান্ত হলে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।