প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:৩৮ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ৩:৫৭ পিএম (ভিজিট : ৯২)

X
তারাগঞ্জে সংস্কারের অভাবে শ্রেণিকক্ষের বেহাল দশা
রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা বিদ্যালয় শ্রেনী কক্ষ দুমড়ে-মুচড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা বলেন, প্রায় চার লাখ টাকা হলেই শ্রেণি কক্ষ পাঠদানের উপযোগী করা যেতে পারে, দুই বছর ধরে প্রশাসনকে জানানোর পরও এখনো কার্যকরি কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করেন।
শিক্ষার্থী মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ জাকারিয়া, প্রতিমা সহ অনেকেই বলেন বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষে পানি পড়ে পাঠদান ব্যহত হয়।
বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের চরম আকার ধারণ করেছে। দুই শিফটের পাঠদান হওয়ার কথা থাকলেও কক্ষ সংকটের কারণে এক শিফটেই গাদাগাদি করে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষক। বাধ্য হয়ে দুইটি শ্রেনী কক্ষে শিক্ষকরা পাঠদান করাচ্ছেন।
অভিভাবক ভবেশ রায় জানান, ১৯৩৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ সেই পুরোনো টিন সেট স্কুলে সন্তানদের পাঠাতে প্রতিদিন আতঙ্কে থাকতে হয়। পুরাতন ভবনের সংস্কারের দাবিতে অনেকেই বলছেন শ্রেণি কক্ষ সংকট ও ভবনের কারণে আতঙ্কে অনেকে বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ের ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছেন। এতে দিন দিন শিক্ষার্থীও কমে যাচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামলী রানী বলেন, বিষয়টি একাধিকবার শিক্ষা অফিসে অভিযোগ করার পরেও এখনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান জানান, বিদ্যালয়ের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।