প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৫৮ পিএম (ভিজিট : ৩৮)

X
সোনাতলায় চাল বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন
বগুড়ার সোনাতলা উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, কৃষকদের উৎপাদিত ধান ও চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার মাধ্যমে কৃষকরা যেন সরাসরি উপকৃত হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এবার সরাসরি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ৪৯ টাকা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহেদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌরসভার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।