প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:১৫ পিএম (ভিজিট : ৩৪)

X
ইলিয়াস কাঞ্চন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রায় এক বছরের বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছেন। গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি যুক্তরাজ্যেই অবস্থান করছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন ধাপের থেরাপি গ্রহণ করছেন।
অভিনেতার ঘনিষ্ঠজন এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, দীর্ঘ সময় চিকিৎসা চললেও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি এখনো দেখা যায়নি। তার ভাষ্য, অভিনেতার অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে। ইতোমধ্যে কয়েক দফা থেরাপি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে নতুন একটি ধাপের চিকিৎসা চলছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পুনর্মূল্যায়ন করবেন।
জানা গেছে, ইলিয়াস কাঞ্চন এখন কিছুটা কথা বলতে পারলেও এখনও কথাবার্তায় জড়তা রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। ছবিগুলো দেখে অনেকেই ধারণা করেছিলেন যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, বাস্তবে এখনো তার চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরুর দিকে ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা জটিলতা দেখা দেয়। দেশে কয়েক মাস চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে নেয়া হয়। সেখানে পরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরে ৫ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তিনি নিয়মিত থেরাপি ও পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন।