
কাপাসিয়ায় মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজীপুরের কাপাসিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কাপাসিয়া উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধানে ইসলামী ফাউন্ডেশন কাপাসিয়া কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম শিশুদের নৈতিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পেলে শিক্ষার মান আরও উন্নত হবে।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় প্রকল্পের লক্ষ্য, পাঠদান পদ্ধতি, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ইসলামী ফাউন্ডেশন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।