প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:২৪ পিএম (ভিজিট : ৭১)

X
ভোলায় হত্যা মামলার দুই আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
বোরহানউদ্দিন উপজেলায় জমি বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক মাইনুদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার দেউলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামের ফয়জুল্লাহর ছেলে মো. বেলাল হোসেন (২৭) ও মো. তানজিল(২৪)।
বুধবার (১০জুন) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৮জুন বিকেলে এদেরকে ঢাকার মোহাম্মদপুর ও নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে ৯জুন রাতে ভোলায় নিয়ে আসা হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯মে বিকেলে বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নের ছোট পাতা গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. মাইনুদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মাইনুদ্দিনের পিতা মো. নেছারউল্লা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর পরই পুলিশ মামলার ৫নম্বর আসামী মো. বজলুকে গ্রেপ্তার করেন। বাকী আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি।
পরবর্তীতে গত ৮জুন বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম র্যাব-২ এর সহায়তায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার মোহাম্মদপুর মেট্রো হাউজিং এলাকা থেকে মামলার ০২নম্বর আসামী মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর ওয়াবদা কলোনী এলাকা থেকে গোপন সংবাদ ভিত্তিতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে র্যাব-১১ এর সহায়তায় মামলার ৩নম্বর আসামী মো. তানজিলকে গ্রেপ্তার করা হয়। পরে ভোলায় এনে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মাইনুদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ওই দিনই একজনকে গ্রেপ্তার করা হয়। বাকী আসামীরা পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ঢাকা এবং নারায়নগঞ্জ থেকে মামলার অন্যতম আরো দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।