প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ৫৯)

X
মাজহারুল ইসলাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূকে তার স্বামী মাজহারুল ইসলাম কর্তৃক যৌতুকের জন্য শ্বাসরোধে হত্যা করার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভাইরাল হলে স্বামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায়। ভিকটিম গৃহবধূ তানিয়া আক্তার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মনদী গ্রামের শহিদুল্লাহর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, মোহনপুর গ্রামের অবসর প্রাপ্ত প্রাথমিক শিক্ষক আ. বাতেনের পুত্র মাজহারুল ইসলাম (৩৫) আগে একটি সরকারী চাকুরী করতেন। তার পূর্বের স্ত্রীকে ও যৌতুকের জন্য তিনি হত্যার চেষ্টা করেন এবং একটি কন্যা সন্তান রেখে তাকে ডিভোর্স দেন।
পরে ব্রাহ্মন্দী গ্রামের শহিদুল্লার কন্যা তানিয়া আক্তারকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। কিন্তু তার কৃতকর্মের জন্য চাকুরী চলে গেলে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং জুয়া খেলে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েন। এর পর থেকে শুরু হয় তার পরিবারের লোকজনের উপর অত্যাচার নির্যাতন। প্রায় সময় তিনি পরিবারের যে কোন সদস্যকে মারধর করেন এবং যৌতুকের জন্য স্ত্রীকেও মারধর করেন। তার নামে ইতি পূর্বেও একটি যৌতুক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
শনিবার সাড়ে ১১ টায় তিনি যৌতুকের টাকার জন্য স্ত্রী তানিয়াকে শ্বাস রোধে হত্যার চেষ্টা করেন। কে বা কারা ওই ঘটনার দৃশ্য ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে এবং এলাকাবাসির মাধ্যমে সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
তাকে পূর্বের যৌতুকের মামলার গ্রেফতারী পরোয়ানা বলে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিম তার স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে নতুন করে আরো একটি যৌতুক মামলা করেন।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, অভিযুক্ত মাজহারুল ইসলামকে নতুন মামলায় শোন এরেষ্ট দেখিয়ে থানায় আনা হবে।