প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:০৮ পিএম (ভিজিট : ৮৬)

X
দুর্গাপুরে পথ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে মানবকল্যানকামী অনাথালয়ের শিশুদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন কবি নির্মল রবি দাস, কবি লোকান্ত শাওন, অনাথালয়ের কো-অর্ডিনেটর সাগর দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার।
বিতরণ পুর্ব আলোচনায় কবি সারেয়ার বলেন, নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে এই পাঠাগারের সূচনা হয় ২০২০ সালে। বইপড়া আন্দোলনের পাশাপাশি জাতীয় দিবস, সামাজিক সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ শিক্ষামূলক চিত্রাংকন ও প্রতিযোগিতা সহ সমাজের নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।
পাঠের অভ্যাস জাগিয়ে তুলতে সারাদেশে (সেলুন, হোটেল, ফেরিঘাট ও রেলষ্টেশন) পথ পাঠাগারের প্রায় ২৫টি শাখা খোলা হয়েছে। এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পথ পাঠাগারের সভাপতি কবি সারোয়ার।