
X
সারিকা সাবরিন
ওটিটির দর্শকের জন্য বড় চমক নিয়ে এসেছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। এ সিরিজের মাধ্যমে ওটিটিতে হাজির হয়ে চমক দেখিয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। পাশাপাশি প্রথমবারের মতো এ সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন তিন প্রজন্মের তিন অভিনেতা- জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহান। সালেহ সোবহান অনীম পরিচালিত এ মেগা সিরিজটি ২৫ জুন ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই তিন তারকার রসায়ন দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা।
হেডলাইনে সমসাময়িক সমাজ, সংবাদমাধ্যম এবং ক্ষমতার আড়ালের এক টানটান থ্রিলার গল্প তুলে ধরা হয়েছে। সিরিজে চঞ্চল চৌধুরী বরাবরের মতোই একটি শক্তিশালী চরিত্রে এবং অপূর্বকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্নধর্মী এক লুকে। পাশাপাশি ইয়াশ রোহানও গল্পে নতুন মাত্রা যোগ করেছেন।
নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, ‘চারপাশের নানা অস্থিরতার মধ্যে একটু স্বস্তির গল্পই দর্শককে উপহার দিতে চেয়েছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, সেই আবহ থেকেই হেডলাইন নির্মাণ করা হয়েছে। এটি শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্প নয়; বরং তার আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্পও।’
এ সিরিজে ‘দোলন’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সারিকা। গল্পে তিনি একজন সাংবাদিকের স্ত্রী, যিনি অনিচ্ছাকৃতভাবেই একটি বড় রহস্যের জালে জড়িয়ে পড়েন। সিরিজটি নিয়ে বেশ আশাবাদী সারিকা। অভিনেত্রী বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বছর ধরে নেই। তবে ট্রেলার প্রকাশের পর সহকর্মী ও পরিচিত অনেকেই ফোন করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। মেধাবী নির্মাতার পাশাপাশি চঞ্চল-অপূর্ব ভাইদের মতো শক্তিশালী সহশিল্পী আর হইচইয়ের মতো বড় প্লাটফর্ম-সব মিলিয়ে সিরিজটি দর্শকের মাঝে বেশ হইচই ফেলেছে।’
দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে নাটকে অনিয়মিত হওয়া প্রসঙ্গে সারিকা জানান, ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব কম আসাতেই তিনি বেছে বেছে কাজ করছেন। সারিকা বলেন, ‘আমি কাজ করতে চাই। ভালো গল্প, দারুণ চরিত্র আর গুণী নির্মাতা এলে আমি কখনই ফিরিয়ে দেব না।’সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা নিয়েও কোনো আফসোস নেই তার; বরং নিজের মতো করে নিরিবিলি জীবন কাটাতেই পছন্দ করছেন তিনি।
হেডলাইন সিরিজের পাশাপাশি পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘অ্যানি’ নিয়েও আশাবাদী সারিকা, যার ওয়ার্ল্ড প্রিমিয়ার এরই মধ্যে জার্মানির কোলনে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, হেডলাইন সিরিজে অপূর্ব, চঞ্চল, ইয়াশ ও সারিকা ছাড়াও আরো অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, ফারহানা হামিদ, অর্নিল বিরল ও রায় রাজন্যাসহ একঝাঁক তারকা। থ্রিলার ও পারিবারিক ড্রামার মিশেলে তৈরি সিরিজটি চলতি বছরের অন্যতম আলোচিত কনটেন্ট হতে যাচ্ছে বলে মনে করছেন ওটিটি-সংশ্লিষ্টরা।