প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৪৭ পিএম আপডেট: ২০.০৭.২০২৬ ১:৫৩ পিএম (ভিজিট : ১১৪)

X
ছবি: প্রতিনিধি
রোগীদের জরুরী অ্যাম্বুলেন্স সেবায় নতুনমাত্রা যোগ করেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার ধিলন রায়ের উদ্ভাবনী নিওসেভার অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে মাত্র তিনটি ধাপে দ্রুত অ্যাম্বুলেন্স বুকিংয়ের সুবিধা রয়েছে। রোগীদের অবস্থানের কাছাকাছি থাকা জরুরী অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার ব্যবস্থা রয়েছে এই অ্যাপের মাধ্যমে। তার এই অসামান্য কৃতিত্বের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে সম্প্রতি এক লাখ টাকার ‘সীড ফান্ড’ প্রদান করেছেন।
নিওসেভার অ্যাপের উদ্ভাবক ধিলন রায় জানান, দেশের অধিকাংশ অ্যাম্বুলেন্স সেবা ফোনকল নির্ভর। যার কোন কেন্দ্রীয় ডিজিটাল সমন্বয়-ব্যবস্থা নেই। এই সমস্যা সমাধানের জন্য নিওসেভার অ্যাপের মাধ্যমে জরুরী অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার ব্যবস্থা রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের আওতায় নিওসেভারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মাত্র পাঁচজন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে যাত্রা শুরু করে নিওসেভার। বর্তমানে শতাধিক সদস্যের নেটওয়ার্কে পরিণত হয়েছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং পেশাজীবীরা যুক্ত রয়েছেন। আঞ্চলিক অ্যাম্বুলেন্স সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে সেবাটি উন্নত করা হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এ ব্যাপারে কবি পঙ্কজ রায় জানান, নিওসেভার অ্যাপের উদ্ভাবক ধিলন রায় বর্তমান সময়ে দ্রুত প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে জরুরী অ্যাম্বুলেন্স সেবাকে একধাপ এগিয়ে নিয়েছেন। তার এই সাফল্যের জন্য আমাদের সুনাম দেশব্যাপি উজ্জ্বল হয়েছে। তার সফলতা আরো বৃদ্ধি হোক সেই কামনা করেন তিনি।
ধিলন রায় চিতলমারী উপজেলার চরবানিয়ারি দক্ষিণপাড়া গ্রামের ধনঞ্জয় রায়ের ছেলে। তিনি খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি হতে বিএসসি ইন সিএসই করেছেন। নিওসেভার (NeoSaver) নামক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরী করে তার গবেষণার যাত্রা শুরু হয়।