
X
ছবি : প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক সভা-নানা করনীয় বিষয়ে আলোচনা। বাল্য বিয়ের হার চাঁপাইনবাবগঞ্জ জেলায় উদ্বেগজনকভাবে সংগঠিত হচ্ছে। প্রশাসনের নানা তৎপরতা সত্বেও থামানো যাচ্ছে না জেলায় বাল্য বিয়ে।
এমন পরিসিস্থিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাল্য বিয়ে বন্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক এক সভা হয়েছে। সভায় বাল্য বিয়ে বন্ধে নানা করনীয় বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, যে যার অবস্থান থেকে বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে এসে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এছাড়া ব্যাপকভাবে প্রচারের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। এজন্য তিনি ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটিকে আরো সক্রিয় করার ওপর জোর তাগিদ দেন। সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাহিদা আখতার, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, পাবলিক প্রসিকিউটরের প্রতিনিধি অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলীমসহ অন্যরা। সভায় বাল্যবিয়ে বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধির সাধারণ ক্ষমতা, বাল্যবিয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি, মিথ্যা অভিযোগ করার শাস্তি, বাল্যবিয়ে করার শাস্তি, বাল্যবিয়ে সংশ্লিষ্ট পিতা-মাতাসহ অন্যান্য ব্যক্তির শাস্তি, বাল্যবিয়ে সম্পাদন বা পরিচালনা করার শাস্তি, বাল্যবিয়ে বন্ধে উদ্যোগী হবার শর্তে বাল্যবিয়ের অভিযোগ হতে অব্যাহতি, বাল্যবিয়ে নিবন্ধনের জন্য বিয়ে নিবন্ধকের শাস্তি, লাইসেন্স বাতিল, বয়স প্রমাণের দলিলসহ বাংল্যবিয়ে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কোন নিবন্ধক বাল্যবিয়ে নিবন্ধন করলে, তিনি অনধিক ২ বৎসর ও নুন্যতম ৬ মাস কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং অর্থদণ্ড অনাদায়ে অনধিক ৩ মাস কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং তার লাইসেন্স বা নিয়োগ বাতিল হবে।