প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ৩১)

X
ইয়াবাসহ আরেক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এফজেড-এস মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবাসহ আরও এক মাদক ব্যবসায়ী এবং এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। বুধবার দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকার মৃত সায়েদ আলী মিয়ার ছেলে মো. ফয়সাল ওরফে রাজিব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এফজেড-এস মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, রূপগঞ্জে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি আরও জানান, একই দিনে পৃথক অভিযানে শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লেদা ফারুককেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশের দাবি, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।