
X
ছবি: প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় জরাজীর্ণ অবস্থায় থাকা বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুনঃ নির্মাণ করে দিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি।
দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে পাঠদান করে আসা শিক্ষার্থীদের দুর্ভোগের অবসানে তাঁর এ উদ্যোগে স্বস্তি ফিরেছে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকের মাঝে।
সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃ নির্মাণ করা নতুন ভবনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহমেদ সহ বেলছড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল দিয়ে পানি পড়া, শ্রেণি কক্ষে পরিবেশের অবনতি এবং ভবনের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করতো। এ অবস্থায় নতুন ভবনের প্রয়োজনীয়তার বিষয়টি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছিল।
শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যালয়টির ভবন পুনঃ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেন ওয়াদুদ ভূইয়া এমপি। তাঁর উদ্যোগে জরাজীর্ণ ভবন থেকে এখন নতুন ভবনে পরিনত হওয়ায় বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় অভিভাবকরা বলেন, একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ায়। পুরোনো ভবনের কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনেক সময় উদ্বেগে থাকতে হতো। নতুন ভবন হওয়ায় সেই শঙ্কা অনেকটাই দূর হবে।
শিক্ষকরা জানান, নিরাপদ শ্রেণিকক্ষ ছাড়া মানসম্মত পাঠদান নিশ্চিত করা কঠিন। নতুন ভবন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
স্থানীয়রা ওয়াদুদ ভূইয়া এমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টির নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, “বেলছড়ি এলাকার এই বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল। ওয়াদুদ ভূইয়া এমপির উদ্যোগে বিদ্যালয়ের ভবন পুনঃ নির্মাণ করায় এলাকাবাসী আনন্দিত। আমরা আশা করি, ভবিষ্যতেও এলাকার শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক উন্নয়নে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি মহোদয় এর জরাজীর্ণ ভবনটি পুনঃ নির্মাণ করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।