প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম (ভিজিট : ৩২)

X
ছবি: প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ করা হয়েছে। এ ঘটনায় বীনা ভূমিজ (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২৫ মিনিটে উপজেলার ৬ নম্বর টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানার এসআই তাপস বণিক এসআই অরূপ সরকার এএসআই জাহাঙ্গীর আলম ও এএসআই নৃপেশ চন্দ্র দেবসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে রাজনগর চা বাগানের ৫ নম্বর লাইন (ভূইয়া টিলা) এলাকার বীনা ভূমিজের বসতঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ঘরে সংরক্ষিত ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং চোলাই মদ তৈরির ৪০ লিটার উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়। জব্দ করা চোলাই মদের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা এবং ওয়াশের মূল্য প্রায় ৫ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার বীনা ভূমিজ রাজনগর চা বাগানের ৫ নম্বর লাইন (ভূইয়া টিলা) এলাকার বাসিন্দা। তিনি দীনেশ ভূমিজের স্ত্রী।
এ ঘটনায় রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৯ আগস্ট রাতে রাজনগর থানায় রুজু করা হয়। মামলা নম্বর-০৮।
পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যের কারবার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।