প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৫১ পিএম (ভিজিট : ৭)

X
সংগৃহীত ছবি
দলীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়ার ঘটনায় মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সারজিল ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুকসহ চার নেতার সাংগঠনিক পদ স্থগিত করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পদ স্থগিত হওয়া অন্য দুই নেতা হলেন- চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন ও কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সারজিল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন এবং কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
পদ স্থগিতের বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক বলেন, আমি একজন জুলাইযোদ্ধা।
জুলাইযোদ্ধা হিসেবে আমাকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাওয়াত কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আমি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব হিসেবেও কার্ড পাওয়ার অধিকার রাখি।
সভায় অংশগ্রহণের কারণেই আমার পদ স্থগিত করা হয়েছে। তবে আমাদের চেয়ারম্যান বিমানবন্দরে পৌঁছানোর আগেই পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে দপ্তরের দায়িত্বে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম বলেন, মহসিন কলেজের আহ্বায়ক ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিবের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে একটি নোট পাঠানো হয়েছে। মূলত রোববার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ নির্ধারিত সদস্যদের অংশগ্রহণের অনুমতি ছিল। তাদের জন্য নির্দিষ্টসংখ্যক কার্ডও বরাদ্দ ছিল। কিন্তু চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা বিভিন্ন উপায়ে কার্ড সংগ্রহ করে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এটিই মূলত সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে। এ ঘটনায় মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব সাংগঠনিকভাবে পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, রোববার (৯ আগস্ট) রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম নগরের হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে সাংগঠনিক সভায় অংশ নেন। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং অঙ্গসংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।