
X
ফ্যামিলি কার্ডের নিয়োগ ঘিরে তুলকালাম
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে উপজেলা চত্বর। বিতর্কিত ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন অকৃতকার্য প্রার্থী এবং স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
একপর্যায়ে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন।
১০ আগস্ট (সোমবার) সকাল ১০টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বরে এ নজিরবিহীন ঘটনা ঘটে। এতে করে প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে এবং পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর পরই অকৃতকার্য প্রার্থী ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপজেলা চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় চরম স্বজনপ্রীতি, অনিয়ম ও আর্থিক লেনদেন করা হয়েছে। যোগ্য ও প্রকৃত মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কিংবা রাজনৈতিক বিবেচনায় বিতর্কিতদের উত্তীর্ণ করার অভিযোগ তোলেন তাঁরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হোদা এবং যুবদলের সাধারণ সম্পাদক আজীমসহ স্থানীয় বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারি এ কার্যক্রমে স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল সংখ্যক পক্ষপাতদুষ্ট ফ্যাসিবাদী আওয়ামী সমর্থিত প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিতর্কিত নিয়োগ কমিটির সদস্যদের অপসারণ, অবিলম্বে প্রকাশিত ফলাফল বাতিল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্যদের অন্তর্ভুক্ত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
প্রতিবাদের একপর্যায়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা উপজেলা পরিষদের প্রধান ফটকসহ বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে দেন। বেলা আড়াইটার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সবকটি দপ্তরের কার্যক্রম বন্ধ রয়েছে এবং কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে অবস্থান করতে দেখা যায়নি।
অন্যদিকে, সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি বলেন, সরকারি সকল নীতি-সংক্রান্ত বিধিবিধান ও স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিক্ষোভকারীরা যেভাবে কর্মকর্তাদের বের করে দিয়ে অফিসে তালা দিয়েছেন, তা আইনসম্মত বা সঠিক কাজ হয়নি। পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে।
উপজেলা চত্বর ও এর আশপাশের প্রশাসনিক এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি রেখেছেন।