প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম (ভিজিট : ৪)

X
ছবি: প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে আওয়ামীলীগের মিছিল করানো সেই যুবলীগ নেতা একাধিক মামলার চার্জসীট ভুক্ত আসামী সাদ্দাম মুন্সী(৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুর পোনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করেন। সাদ্দাম মুন্সী উপজেলার বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ও ছোটশালঘর এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
জানা যায়, গত ৬ আগষ্ট সকালে দেবিদ্বার উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করান সাদ্দাম মুন্সী। এই মিছিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর ওই যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী পালিয়ে যায়।
সোমবার দুপুর পোনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার সাব-ইন্সপেক্টর পাভেল মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আটককৃত সাদ্দাম মুন্সীর বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও আরো চারটি মামলার চার্জসীটভুক্ত আসামী রয়েছেন বলে থানা সূত্রে জানা যায়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমান পেয়েছি। এছাড়াও কোমলমতি শিশুদের দিয়ে সে রাজনৈতিক দলের মিছিল করানোর পর এলাকা থেকে পালিয়ে যায়। সোমবার সে বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।